হোম জাতীয় ‘প্রহসনের বিচার’ স্ট্যাটাস দিয়ে শিক্ষকের আত্মহত্যা

জাতীয় ডেস্ক :

প্রহসনের বিচারের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন লোকনাথ সুত্রধর মৃদুল (২৬) নামের এক কিন্ডারগার্টেন শিক্ষক।

শনিবার (৮ জানুয়ারি) মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুরের কর্মকারবাড়ি এলাকায় অবস্থিত ক্রিয়েটিভ মডেল ইন্সটিটিউট নামের একটি কিন্ডারগার্টেন স্কুল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যরা।

নিহত মৃদুল ওই প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন।

‘ভুলের ক্ষমা চাইতে ভয় কিসের?, এ কেমন বিচার? বাদী, বাদীপক্ষ, বিচারক এবং এই বিচার ব্যাবস্থাকে ধিক্কার!!’

ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার অল্প কিছুক্ষণ পরই কিন্ডারগার্টেনের একটি কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শিক্ষকের মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিন্ডারগার্টেনের ব্যবসায়িক অংশীদার ছিলেন মৃদুল। কিছুদিন আগে প্রতিষ্ঠানটির আরেক অংশীদারের সঙ্গে তার বিবাদ হয়। সেই সূত্র ধরে শুক্রবার রাতে স্থানীয়ভাবে সালিশি-মীমাংসা হয়। সেখানে মৃদুলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। রাতে বাসায় না ফিরে ওই কিন্ডারগার্টেনেই রাত কাটান মৃদুল। সকালে তার ছোট ভাই অজয় সূত্রধর সেখানে গিয়ে ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন