জাতীয় ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের সোর্স পরিচয়ে এক যুবককে বেধড়ক পেটানোর ভিডিও ভাইরালের ঘটনায় অভিযুক্ত শাহ্ আলমকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, অভিযুক্ত শাহ আলম তালিকাভুক্ত ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অন্তত এক ডজন মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, চিনিস গ্রামের শাহ আলম থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকার নিরীহ যুবকদের আটকে রেখে মুক্তিপণ আদায় করতো।
কেউ টাকা দিতে রাজি না হলে ধরে এনে করতো শারীরিক নির্যাতন। শুক্রবার এমন একটি নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওটি ২০২০ সালের শুরুর দিকে ধারণ করা বলে জানায় পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, শাহ আলম পুলিশের সোর্স নয়। পুলিশকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। সে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং ডাকাতির সঙ্গে জড়িত। তাকে গ্রেফতার করা হয়েছে।
