হোম আন্তর্জাতিক পুতিনের হুংকারে যে প্রস্তুতি নিচ্ছে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক :

রুশ হামলা ঠেকাতে কয়েকশো সাঁজোয়া ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চেক প্রজাতন্ত্র।

তবে ইউক্রেনকে ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েও রুশ বাহিনীকে ঠেকানো সম্ভব নয় বলে হুঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়া আরও আগ্রাসী ও হিংসাত্মক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ন্যাটোপ্রধান জেন্স স্টলটেনবার্গ। মঙ্গলবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে স্টলটেনবার্গ জানান, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ বাহিনী আরও বিধ্বংসী হয়ে উঠবে। এ সময় নতুন সমরাস্ত্র নিয়ে রাশিয়ার সেনারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দোনবাস হয়ে অধিকৃত ক্রিমিয়া পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে এখনো রাশিয়ার বিপক্ষে কিংবা ইউক্রেনের হয়ে সরাসরি যুদ্ধে না জড়ানোর বিষয়টি আবারও খোলাসা করেন স্টলটেনবার্গ। তবে রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে আরও সাঁজোয়া ট্যাঙ্ক, যুদ্ধবিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ ভারী সমরাস্ত্র জোগান দেওয়ার পরিকল্পনার কথা তিনি জানান। এ সময় রুশ বাহিনীর আগ্রাসনের কারণে মস্কোর সঙ্গে সব রকমের আলোচনার পথ বন্ধ হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন নরওয়ের অভিজ্ঞ এই সামরিক বিশেষজ্ঞ।

রুশ হামলার জবাব দিতে রাশিয়ার সীমান্তবর্তী দেশ হাঙ্গেরিতে ৮০০, রোমানিয়ায় প্রায় সাড়ে ৩ হাজার, বুলগেরিয়ায় ৯০০, স্লোভেনিয়ায় ২ হাজার ১০০ ও বাল্টিক অঞ্চলের দেশগুলোতে মোট ৪০ হাজার ন্যাটো সৈন্যকে যুদ্ধজাহাজ, কামান, গোলাবারুদ, যুদ্ধবিমানসহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করেন স্টলটেনবার্গ।

সোমবার ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য আরও কয়েকশো ৭২ ও বিএমপি-এক মডেলের সাঁজোয়া ট্যাঙ্ক দেওয়ার বিষয়টি স্পষ্ট করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ানা চেরনোশোভা। এর আগে জার্মানির পক্ষ থেকে পিবিভি ৫০১ মডেলের সাঁজোয়া ট্যাঙ্ক ইউক্রেনকে দেওয়ার বিষয়টি জানিয়েছিলেন চ্যান্সেলর ওলাফ শলজ।

এদিকে, নিজেদের সামরিক শক্তিকে মজবুত করতে যুক্তরাষ্ট্র থেকে ৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে জার্মানির প্রতিবেশী দেশ পোল্যান্ড।

তবে ইউক্রেনকে ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েও রুশ বাহিনীকে ঠেকানো অসম্ভব বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে তিনি বলেন, ইইউ ও ন্যাটো সীমা লঙ্ঘন করলে তার পরিণতি হবে ভয়াবহ। অভিযান শেষ না হওয়া পর্যন্ত রুশ বাহিনী থামবে না বলেও হুঁশিয়ারি দেন পুতিন।

ইউরোনিউজ

সম্পর্কিত পোস্ট

মতামত দিন