পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীর একটি মসজিদে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাবলীগ জামাতের ১৫ জন সদস্যকে অচেতন করে টাকা পয়সা হাতিয়ে নেয় দূর্বত্তরা। আজ শুক্রবার ভোরে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়, তাবলীগ জামাত ও হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ৪ নভেম্বর ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৬ সদস্যের তাবলীগ জামাতের একটি দল কাউখালীতে আসে। গতকাল তারা গারতা আল-সেতারা জামে মসজিদে অবস্থান করছিলেন। রাতে নামাজ ও যাবতীয় কার্যক্রমে শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
ভোররাতে ফজরের নামাজের সময় হলে কেউ ঘুম থেকে না উঠায় বিষয়টি স্থানীয়দের জানানো হয়। তারা এসে অজ্ঞান অবস্থায় থাকা ১৫ জনকে কাউখালী হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সুনামগঞ্জ জেলার আব্দুল হান্নান (৬০) এবং নোয়াখালী জেলার কাসিমপুর গ্রামের তাবারকউল্লাহ (৬৩) কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাবলীগের একজন সদস্য জানান, গতকাল সন্ধার পর পরই একটি অচেনা লোক এসে তাদের বাড়ি ঘর জিজ্ঞাসা করে এবং রাতের খাবার তারাতারি খেয়ে ঘুমিয়ে পড়তে বলে চলে যায়। তিনি আরো জানান, একজন মুসল্লীর পটেক থেকে কিছু টাকা ও একটি মোবাইল নিয়েছে। বাকিরা সুস্থ না হলে কিছু বলা যাবে না।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বনি আমীন জানান, কোনো দুস্কৃতিকারী চুরির উদ্দেশ্যে না নাশকতার জন্য এমন ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
