খেলাধূলা ডেস্ক :
এগিয়ে থাকার পরও রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে হার, ড্রেসিং রুমে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার সঙ্গে বাগ্বিতণ্ডা, বারবার ইনজুরিতে পড়া; সব মিলিয়ে নেইমারের ওপর থেকে নাকি মন উঠে গেছে ফরাসি ক্লাব পিএসজির। তাই ব্রাজিলিয়ান সুপারস্টারকে বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা করছে তারা।
বিশ্বখ্যাত সাংবাদিক রোমাইন মলিনা কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির বরাত দিয়ে বলছেন, তিনি (হামাদ) নাকি নেইমারের ওপর আর কোনো আশাই রাখতে পারছেন না। নাসের আল খেলাইফি ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনলেও প্রত্যাশার ষোলোকলা পূরণ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। এবার অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে যাওয়ায় চরম হতাশ ক্লাব ম্যানেজমেন্ট। তাই অতি দ্রুতই ব্রাজিলিয়ান ফুটবলারকে দলবদলের বাজারের তোলার ইচ্ছা পিএসজির।
২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। দলবদল করে তিনি ভেঙে দিয়েছিলেন অতীতের সব রেকর্ড। সেই নেইমার এখনো পিএসজিকে ইউরোপ সেরার মুকুট এনে দিতে পারেননি। অথচ তাদের দলে আছে কিলিয়ান এমবাপ্পের মতো উদীয়মান ও গতি তারকা। লিওনেল মেসিও সেই তালিকায় যোগ হয়েছেন গত বছর। তবু এখন পর্যন্ত ফলাফল শূন্য। সবশেষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে তারা।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেদের শক্তিশালী পিএসজির। এমন হারের পর উত্তপ্ত ফরাসি ক্লাবটির ড্রেসিংরুম, নেইমার ও দলের গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা নাকি প্রায় মারামারিও বাধিয়ে ফেলেছিলেন। যদিও সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নেইমার নিজে।
পিএসজিতে আসার পর একবার দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও নিয়েছিল নেইমার-এমবাপ্পে জুটি। ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নেইমারের শিশুসুলভ ভুলের কারণে শিরোপা অধরা থেকে যায় ফরাসি জায়ান্টদের। পিএসজির জার্সিতে এখন পর্যন্ত সব মিলিয়ে ১৩৫ ম্যাচ খেলেছেন নেইমার। এ সময় তার পা থেকে গোল এসেছে ৯১টি।
