জাতীয় ডেস্ক :
দাওয়াত না পেয়ে পাবনার ভাঙ্গুড়ায় শিক্ষকদের মারধর এবং অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ মে) মধ্যরাতে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মাদারবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মাসুদ রানা ছোটন (২৮) ও আব্দুল হামিদের ছেলে শাহাদাত হোসেন (৩২)। দু’জনই ইউপি চেয়ারম্যান মনোয়ার খান মিঠুর ক্যাডার বাহিনীর সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মারধরের ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাদী হয়ে শনিবার (২৮ মে) রাতেই খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার খান মিঠুসহ ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। রোববার (২৯ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২৮মে) সকালে উপজেলার খানমরিচ ইউনিয়ন আন্তঃবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুকে দাওয়াত না করায় হামলা চালিয়ে শিক্ষকদের মারধর এবং অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়। পরে ভুক্তভোগী শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে শনিবার অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মনোয়ার খান মিঠু বলেছিলেন, কোনো হামলা, ভাঙচুর বা মারধরের ঘটনা ঘটেনি। বরং তারা আমাকে অপমান ও হেয় করার ঘটনা ধামাচাপা দিতে এ মিথ্যা ঘটনার সৃষ্টি করেছেন।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান জানিয়েছেন, শিক্ষকদের একটি লিখিত অভিযোগ শনিবার সন্ধ্যায় পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
