মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
কিশোগঞ্জের ভৈরবে এক পাগলীর জন্ম নেয়া নবজাতকের লালন- পালনের দায়িত্ব নিতে ৩ নারীর কাড়াকাড়ি।
গতকাল বুধবার রাতে এমন ঘটনার খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি মোঃ ফেরদৌস আহমেদ বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
জানা যায়, বুধবার সন্ধ্যায় এক পাগলী নব জাতকের জন্ম দেয়। শিশুর জন্ম হওয়ার পর পাগলী অন্যত্র চলে যায়। এ সময় এক নারী শিশুটিকে দেখে কোলে নেন। তারপর আরও দুজন নারী এসে শিশুটিকে নিয়ে যেতে চান। তখন তাদের মধ্যে ঝগড়া দেখে পথচারীরা থানায় খবর দিলে পুলিশ শিশুসহ ৩ নারীকে রেলওয়ে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কথা শুনে উর্ধ্বতন কর্মকর্তার সথে পরামর্শ করে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, রেলওয়ে থানার ওসি আমাকে ঘটনাটি অবগত করেছেন। পরে আমি শিশুটিকে হাসাপাতালে রাখতে নির্দেশ দিয়েছি। বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিশুটিকে শিশুনিবাসে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে।
