হোম আন্তর্জাতিক পাকিস্তানে তালেবান হামলায় ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

কুয়েটার মাসটাঙ্গ সড়কের একটি তল্লাশি চৌকিতে সীমান্ত বাহিনী ফ্রন্টিয়াস কোর্পসের (এফসি) কাছে আত্মঘাতী হামলায় পাকিস্তানের সামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন।

কুয়েটা পুলিশের উপ-মহাপরিদর্শক আজহার আকরাম বলেন, হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।

আহতদের মধ্যে ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, বাকিরা প্রত্যক্ষদর্শী। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেছে।-খবর ডন অনলাইন ও এনডিটিভির

হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে টুইটার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, বিদেশি-সমর্থিত সন্ত্রাসী হামলা প্রতিরোধে আমাদের নিরাপত্তা বাহিনীর ত্যাগ ও তিতিক্ষার প্রতি অভিবাদন।

পাকিস্তানের মানবাধিকার বিষয়কমন্ত্রী শিরিন মাজারি বলেন, ভারতীয় গোয়েন্দার অর্থায়নে প্রতিষ্ঠিত তালেবানের সন্ত্রাসী হামলা রুখে দিয়েছে আমাদের সাহসী নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ ল্যাংগভি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনী দেশের জন্য অসংখ্য আত্মত্যাগ করেছেন।

তালেবান ছাড়াও বেলুচিস্তানের বিদ্রোহীর হামলার শিকার হয়েছে পাকিস্তানের ফ্রন্টিয়ার্স ফোর্স। অধিক স্বায়ত্তশাসনের দাবিতে বেলুচিস্তানে বহুদিন ধরে বিদ্রোহ চলছে।

এর আগে হামলায় রসদ সরবরাহের দায়িত্বে থাকা তিন ব্যক্তি নিহত হয়েছেন। তাদের গাড়িতে স্থলমাইন বিস্ফোরণে আরও বহু লোক আহত হয়েছেন।

এর আগে গিচিক এলাকায় গাড়িতে ঘরে তৈরি বোমা বিস্ফোরণে সামরিক বাহিনীর এক ক্যাপ্টেনসহ দুই সেনা নিহত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন