হোম আন্তর্জাতিক পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে মোদির অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আশা প্রকাশ করেন মোদি।

এদিকে, চীন বলছে, পাকিস্তানে ক্ষমতার পালাবদল হলেও দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পিএমএল-এন নেতা শাহবাজ শরিফকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনন্দন বার্তায়, দু’দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আশা প্রকাশ করেন মোদি। টুইটারে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতের প্রত্যাশা সন্ত্রাসমুক্ত একটি অঞ্চল যেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।

এর আগে নিজের প্রথম ভাষণে কাশ্মীর প্রসঙ্গ তুলে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীর ইস্যুর সমাধান হয়ে গেলে দু’দেশের দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যার সমাধানে জোর দেওয়া যাবে। কাশ্মীর সমস্যার উপযুক্ত সমাধান ছাড়া দীর্ঘকালীন শান্তি বজায় রাখা সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

এদিকে, পাকিস্তানের রাজনৈতিক পট-পরিবর্তনে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বেইজিং। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ঝাও লিজিয়ান পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে চীন অবগত। প্রতিবেশী এই দেশ চীনের পরীক্ষিত বন্ধু। পাকিস্তানের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক বজায় রেখেছি আমরা। দু’দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে যৌথভাবে কাজ করছে চীন। এক্ষেত্রে সরকার পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না।

চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না উল্লেখ করে এই মুখপাত্র বলেন, দু’দেশের সম্পর্কের ধারাবাহিকতা আগের মতোই অব্যাহত থাকবে বলে বিশ্বাস করে বেইজিং।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন