জাতীয় ডেস্ক :
দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবেশী এক তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্বামী গোফফার আলী। অনেক বোঝানোর পরেও স্বামী পরকীয়া থেকে ফিরে না আসায় ছেলেকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করেছেন গৃহবধূ পারুল।
সোমবার (১৫ আগস্ট) সকালে পুলিশি জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য জানান নিহতের স্ত্রী পারুল।
এর আগে রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকার বাঁশঝাড় থেকে স্বামীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশের ক্রাইমসিন ইউনিট (পিবিআই), সিআইডি এবং থানা পুলিশের বিশেষ একটি টিম।
পুলিশ জানায়, সোমবার সকালে সন্দেহ হলে নিহতের স্ত্রী পারুল বেগম ও তার ছেলে পারভেজকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে গোফফার হত্যার মূল রহস্য।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী হত্যার কথা স্বীকার করে স্ত্রী পারুল বেগম বলেন, প্রতিবেশী এক তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্বামী। অনেক বোঝানোর পরেও স্বামী পরকীয়া প্রেম থেকে ফিরে না আসায় ছেলে ও তিনি মিলে তাকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী গেল শনিবার রাতে গলা কেটে হত্যা করে বাড়ির পাশে বাঁশঝাড়ে ফেলে রাখেন তারা।
তিনি আরও বলেন, পরে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
