জাতীয় ডেস্ক :
স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচলের জন্য উন্মুক্ত করার দিন সেতুতে চলছে নিয়ম ভাঙার হিড়িক। গাড়ি থামিয়ে ছবি তোলা, সেতুর ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও করাসহ নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ অবস্থায় সেতুর নাট-বল্টু খুলে টিকটক তৈরির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় এক টিকটকারকে আটক করা হয়। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলা ওই যুবকের নাম বায়েজিদ তালহা। তার বাড়ি পটুয়াখালীতে। তিনি রাজধানীতে বেসরকারি চাকরি করেন।
সিআইডির সাইবার ইনটেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ গণমাধ্যমকে জানান, তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে।
কাইসার ৭১ (Kaisar71) নামক একটি টিকটক অ্যাকাউন্ট থেকে প্রথমে ভিডিওটি আপলোড করা হয়। এরপর ফেসবুকেও সেটি ভাইরাল হয়। টিকটকের লোগো লাগানো ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর দিয়ে লোহার রেলিংয়ের দুটি নাট খুলছেন। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাঁহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডানহাতে নেন এবং আবার বাঁহাতের ওপর রাখেন।
নাট দুটি খুলে হাতের ওপর রেখে বলেন, ‘এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।’ এ সময় পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘নাট খুলে ভাইরাল করে দিয়েন না।’
ভিডিওটি বায়েজিদের টিকটক অ্যাকউন্টে আপলোড করার পর ফেসবুকেও সেটি ভাইরাল হয়। তবে রোববার বিকেলে এই অ্যাকাউন্টে ‘প্রাইভেট’ করা অবস্থায় দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। ওই যুবকের এমন কাণ্ড দেখে অনেকেই তার শাস্তি দাবি করেছেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) উদ্বোধনের পর রোববার (২৬ জুন) সকাল থেকে এ সেতুতে যান চলাচল শুরু হয়। পদ্মা সেতু চালু হওয়ায় উচ্ছ্বসিত সারা দেশের মানুষ।
