জাতীয় ডেস্ক :
নাটোরের লালপুরে পদ্মা নদীর খেয়া ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৬ জুন) দুপুরে ঘাট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, লালপুর বাজার সংলগ্ন সদর ইউনিয়নের পদ্মা নদীর কলোনি ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতা আমিরুল ইসলাম আম্বু ও জাহাঙ্গীর আলমের বিরোধ শুরু হয়।
এর জের ধরে রোববার দুপুরে ঘাট সংলগ্ন এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আম্বু গ্রুপের আম্বুসহ (৪০) উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আম্বুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। আটকরা সংঘর্ষে জড়িত কিনা তা যাচাই চলছে।
সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
