হোম জাতীয় ‘পদ্মাকন্যা’ উপাধি পেলেন শেখ হাসিনা

জাতীয় ডেস্ক :

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদ্মাকন্যা’ উপাধি পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুন) বঙ্গবন্ধুকন্যাকে এ উপাধি দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান।

এদিন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বিষয়টি উঠে আসে। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি। তিনি সভাপতিত্ব করেন। আর দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ গণভবন থেকে সভা সঞ্চালনা করেন।

আলোচনায় আবদুর রহমান বলেন, ‘প্রিয় আপা, পদ্মা আপনার জন্য অধীর আগ্রহে আছে। পদ্মা পাড়ের লাখো কোটি মানুষ আপনাকে এক নজর দেখার জন্য সাহসিকার জননী ‘পদ্মাকন্যা শেখ হাসিনাকে’ দেখার জন্য অপেক্ষা করে আছে।’

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এ সদস্য আরও বলেন, ‘প্রিয় নেত্রী আপনি ধারণাই করতে পারবেন না যে ওখানে শুধু মানুষের সমাবেশ হবে না, ওখানে উৎসবের সমাবেশ হবে। ওখানে আনন্দের জোয়ারে নতুন পদ্মা সৃষ্টি হবে, সেই অপেক্ষায় আছে মানুষ। পদ্মা সেতু পারাপারের মধ্য দিয়ে ‘৭৫ এর খুনিদের জবাব দেব।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন (রাজশাহী সিটি করপোরেশনের মেয়র), মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সভাপতি শেখ বজলুর রহমান ও আবু আহমেদ মান্নাফী সভায় বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন