হোম আন্তর্জাতিক পদত্যাগ করলেন অটোয়ার পুলিশপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক :

কানাডায় অব্যাহত করোনার বিধিনিষেধ ও টিকাবিরোধী বিক্ষোভের মধ্যেই পদত্যাগ করলেন অটোয়ার পুলিশপ্রধান। চলমান আন্দোলন সামাল দিতে পুলিশ ব্যর্থ হয়েছে–এমন সমালোচনার জেরে ওই কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, বিক্ষোভকারীদের দমাতে কানাডাজুড়ে জারি রয়েছে জরুরি অবস্থা। অন্যদিকে, ট্রুডোর এ সিদ্ধান্তে সহজেই অটোয়া ছাড়ছেন না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

কানাডায় দুই সপ্তাহ ধরে চলছে ভ্যাকসিনবিরোধী বিক্ষোভ। ট্রাকচালকদের বিক্ষোভ দমাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পুলিশ বিভাগকে সমালোচিত হতে হচ্ছে বিভিন্ন মহলে। এমন পরিস্থিতিতেই মঙ্গলবার পদত্যাগ করেছেন রাজধানী অটোয়ার পুলিশপ্রধান পিটার স্লোলি। সিটি কাউন্সিলর রিলি ব্রকিংটন এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন। যদিও তার পদত্যাগের বিষয়ে কানাডা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে সমালোচনার জেরে ওই পুলিশপ্রধান পদত্যাগ করেছেন বলে মনে করছেন অনেকে।

টানা তৃতীয় সপ্তাহে পড়েছে কানাডায় ট্রাকচালকদের ভ্যাকসিনবিরোধী বিক্ষোভ। এবার বিক্ষোভকারীদের দমাতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে কানাডাজুড়ে প্রথমবারের মতো জারি রয়েছে জরুরি অবস্থা। আগামী এক মাস জরুরি অবস্থা চলবে বলে জানিয়েছেন কানাডার অ্যাটর্নি জেনারেল ডেভিড লামেতি।

এদিকে, ট্রুডোর ওই বক্তব্যের পর অটোয়া ছাড়বেন না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। জরুরি অবস্থা ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার কানাডার পার্লামেন্ট ভবনের সামনে হাজির হন বিক্ষোভকারীরা।

একজন বলেন, ‘আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, সম্পদ জব্দ করবে–তাই তো? তাতে কিছুই যায়-আসে না আমাদের। আমরা এখনই সরছি না।’

আরেকজন বলেন, ‘সরকার আগুনে আরও বেশি করে ঘি ঢালছে। আমাদের সঙ্গে কথা বলার কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না।’

ট্রাকচালকদের করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করতে সরকারের উদ্যোগের বিরোধিতা করে ‘ফ্রিডম কনভয়’ নামের বিক্ষোভ শুরু হয়। এর ফলে রাজধানী অটোয়াসহ কানাডার অনেক জায়গার স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে কিছু জায়গা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন