নড়াইল অফিস :
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৩জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন যশোর জেলার বাঘারপাড়া থানার কিসমত মাহমুদপুর গ্রামের মৃত মহিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন, একই গ্রামের রুহুল মোল্যার ছেলে সুমন মোল্যা এবং খলিলপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন। রায় ঘোষণার সময় সাব্বির পলাতক এবং বাকি দুইজন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ জুন নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওই সময়ের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমের নেতৃত্বে একটি দল নড়াইল-যশোর সড়কের মুলিয়ার মোড় পিয়ারির বটতলায় নামক স্থানে যানবাহন তল্লাশী করছিলেন। রাত দশটার দিকে যশোর দিক থেকে আসা একটি মটরসাইকেল থামিয়ে তল্লাশীকালে আসামিদের কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ হতে ৪৫ বোতল (৪.৫ কেজি) অপিয়াম উদ্ভুদ কোডিন মিশ্রিত ফেনসিডিল সহ তাদের আটক করে।
এ ব্যাপারে সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক।
