নড়াইল অফিস :
পৃথক দুইটি চুরির ঘটনায় আন্তঃজেলা চোর গ্রুপের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) রাত ৮টা দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রবীর কুমার রায় এসকল তথ্য জানান। চোর গ্রুপের কাছ থেকে ১৪ ভরি স্বর্নলাংকার ও পাচটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলো যশোর জেলার কোতয়ালী থানার রায়পাড়ার বাবুল শেখের ছেলে সাঈদ শেখ (২০), একই এলাকার বেচপাড়ার বাবু শিকদারের ছেলে আরমান শিকদার (২৮), বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শামছু মোল্যার ছেলে লিমন মোল্যা (২৬), আর এন রোডের আলমগীর মোল্যার ছেলে আপন মোল্যা (২২) ও মাগুরা জেলার রঘুনাথপুর গ্রামের বাদশা শেখের ছেলে রাকিব শেখ (১৪) । গ্রেপ্তারকৃতরা সকলেই আন্তঃজেলা চোর গ্রুপের সদস্য।
পুলিশ সুপার জানান, কিছুদিন ধরে নড়াইল শহর এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। এ সব চুরির ঘটনায় কাজ করতে গিয়ে সিসি ফুটেজ দেখে জানা যায়, আন্তঃজেলা চোর গ্রুপের সদস্যরা সকলে যশোর থেকে নড়াইলে আসে। এরপর ভাঙ্গারী কুড়াতে থাকে ও বিভিন্ন বাড়ী টার্গেট করে দিনের বেলায় বা রাতে সে সব বাড়ীতে চুরি করে।
গত ৪দিন আগে শহরের মামুনুর রশিদ নামে একব্যাক্তি তার বাসায় চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেন। চার দিনের মধ্যে শনিবার ২৩ এপ্রিল সকালে যশোর থেকে আন্তঃজেলা চোর গ্রুপের পাচ সদস্যকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ১৪ ভরি স্বর্নলাংকার যার মূল্য ৯লক্ষ ত্রিশ হাজার ছয়শত টাকা ও পাচটি মোবাইল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি আরো বলেন, এ গ্রুপে আরো সদস্য আছে, তাদেরও আটকের জন্য চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
