নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতা রেজাউল মোল্লা ৫০) খুন হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত রেজাউল ওই গ্রামের বকু মোল্লার ছেলে। তিনি দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকবাসী সূত্রে জানা গেছে, রেজাউল মোল্লাদের সঙ্গে একই বংশের ইজাজুল মোল্লাদের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল এবং এ নিয়ে আদালতে মামলা ছিল। আজ ওই মামলার রায় হয়। রায় ইজাজুল মোল্লাদের বিপক্ষে হওয়ায় আদালত চত্বরেই দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। বাড়িতে আসার পর গ্রামের দিক্ষিণ পাড়ায় রেজাউল মোল্লাদের বাড়ির সামনে দুপক্ষের মধ্যে বাগবিতান্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা রেজাউল মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। রেজাউলের অন্য দুই ভাই অসি মোল্লা ও কচি মোল্লা এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে জখম করে। রেজাউল মোল্লাকে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে ওই হত্যাকাÐ ঘটছে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি শান্ত আছে।
