নড়াইল অফিস :
নড়াইলের কালিয়া উপজেলার চান্দেরচর-মহাজন ও কালিয়া-খাশিয়াল সড়কের মধ্যবর্তী স্থানে মাউলী খালের ও তালবাড়িয়া খালের দুটি ব্রিজের স্লাব ভেঙে পড়ায় যান চলাচল বিচ্ছিন্ন। সড়ক দুটিতে ৬ মাসেরও বেশী সময় ধরে কৃষিপণ্য আনা নেওয়াসহ কেনর প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।
পথচারিরা পায়ে হেটে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করলেও কৃষিপন্য বাজারজাতকরন নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় ১০ গ্রামের লক্ষাধিক মানুষ। ফলে উপজেলার একটি বৃহৎ জনগোষ্ঠীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উপজেলার মাউলী ইউনিয়নের ৩নং ওয়াডের্র সদস্য মো.সোহাগ মোল্যা জানান, উপজেলার চান্দেরচর, মাউলী, তেলিডাঙ্গা, কাঠাদুরা, মহাজন ও কলাগাছি গ্রামের প্রায় অর্ধ লাখ মানুষের যাতায়াতের প্রধান সড়ক হিসাবে ব্যবহার করে আসছে। চান্দেরচর-মহাজন সড়কের মাউলী খালের উপরে অবস্থিত ব্রিজের উপর দিয়ে কাঠ বোঝাই একটি নছিমন গাড়ি পার হওয়ার সময় গত বছর নভেম্বর মাসের শেষ দিকে ব্রিজের স্লাব ভেঙে খালে পড়লে চালক ইকবাল হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পর থেকেই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
উপজেলার খাশিয়াল ইউপির চেয়ারম্যান মো. বরকত উল্লাহ বিশ্বাস বলেন,কালিয়া-খাশিয়াল সড়কের মধ্যবর্তী স্থানে তালবাড়িয়া খালের ব্রিজটি গত প্রায় ৬ মাস আগে আপনা থেকেই ভেঙে পড়েছে। যে কারনে সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় লোকচলাচলে দূর্ভোগের পাশাপাশি কৃষিজাত পন্য আনা নেওয়াসহ বাজারজাত করণ সমস্যায় ভূগছে এই এলাকার সাধারণ মানুষ।
তবে ব্রিজ দুটি উপজেলা প্রকৌশল বিভাগ থেকে পরিদর্শন করলেও গত ৬ মাসেও কোন প্রতিকার মেলেনি। ফলে লক্ষাধিক মানুষের দূর্ভোগের পাশাপাশি কৃষিজাত পন্য পরিবহনে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ দিকে কালিয়া উপজেলা প্রকৌশলী প্রণন কান্তি বলেন, ব্রিজ দুটি ভেঙে পড়ার ঘটনাটি জানার পর তিনি উর্দ্ধতন কতৃপক্ষকে জানিয়েছেন। যতদ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।
