নড়াইল অফিস :
নড়াইলের পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা মাহমুদ মোল্যার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, দায়িত্বে অবহেলা, ঘুষ আদায়সহ সেবা প্রত্যাশীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে এবং মাহমুদ মোল্যার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ভূক্তভোগী এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (৪অক্টোবর) দুপুরে পহরডাঙ্গার মুলশ্রী এলাকায় এই কর্মসূচি পালন করে। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান এ সি ল্যান্ড কালিয়া ।
পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে পহর ডাঙ্গার মুলশ্রী এলাকায় কালিয়া-গোপালগঞ্জ সড়কের পাশে সমবেত হন ভূক্তভোগী এলাকাবাসী। পরে সেখানে তারা মানববন্ধনে সামিল হন। ঘন্টাব্যাপি স্থায়ী এই মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে।
এসময় এলাকাবাসী অভিযোগ করেন, দেড় বছর আগে পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা হিসেবে যোগদানকারি মাহমুদ মোল্যার বেপরোয়া ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছে। খাজনা পরিশোধসহ জমিজমার যে কোন কাজে জমির মালিকদের মোটা অংকের টাকা ঘুষ দিতে হয় ভূমি কর্মকর্তা মাহামুদকে।
এছাড়া রয়েছে হয়রানি ও দায়িত্বে অবহেলারও বিস্তর অভিযোগ। এ সব বিষয়ে ভূক্তভোগীরা বিভিন্ন সময় উর্দ্ধতন কতৃপক্ষের দারস্থ হয়েও কোন প্রতিকার না পেয়ে সোমবার রাস্তায় নামেন। কর্মসূচির খবর পেয়ে কালিয়া উপজেলা এসি ল্যান্ড মোঃ জহুরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
অভিযোগের বিষয়ে ভূমি উপ সহকারি কর্মকর্তা মাহমুদ মোল্যার কাছে জানতে চাইলে তিনি বলেন ,অভিযোগের বিষয়ে আমার কোন বক্তব্য নেই । আমার কতৃপক্ষ যে সিন্ধান্ত নেই সেইটায় চুড়ান্ত।
