জাতীয় ডেস্ক :
পিরোজপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তোফাজ্জল হোসেন মল্লিকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করায় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলাবিধি ও গঠনতন্ত্রের ৪৭ এর ‘ঠ’ অনুচ্ছেদ অনুযায়ী তাকে সরাসরি বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার স্বাক্ষরিত অব্যাহতি পত্র থেকে জানা যায়, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার তোফাজ্জল হোসেন মল্লিকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস মার্কায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর। তাই আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলাবিধি ও গঠনতন্ত্র অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের সকল ধরনের পদ পদবী থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পত্রে আরও উল্লেখ আছে যে, তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভকে সরাসরি গুলি করে আহত করেছেন। শুভ এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
উল্লেখ্য, মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।
এদিকে শংকরপাশা ইউনিয়নে নৌকার নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে এবং ঘটনার মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের টাউন ক্লাবরোড থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পিরোজপুরে ৩টি উপজেলার ৮ ইউনিয়নের ইউপি নির্বাচনে একটি মহল নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শেষে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়। এ ঘটনার প্রধান আসামি বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর গ্রেপ্তার হলেও মূল আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। পুলিশ নামমাত্র কয়েকজন আসামিকে গ্রেপ্তার দেখালেও মূল আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি এবং বিভিন্নভাবে তারা এলাকায় প্রভাব বিস্তার করছে তাই সাধারণ ভোটাররা আতঙ্কিত। শুধু শংকরপাশাই নয় সিকদার মল্লিকসহ বিভিন্ন উপজেলাতেই এমন দৃশ্য বিরাজমান।
