হোম জাতীয় নীলক্ষেত এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ

জাতীয় ডেস্ক :

রাজধানীর নীলক্ষেত এলাকায় সরকারি নির্দেশনায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে এ সেবা বন্ধ করে দেয়া হয়।

মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, সরকারি নির্দেশনা পাওয়ার পর ওই এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হলো।

এদিকে ঢাকা কলেজ আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়তে বলা হয়েছে। দেশে মোবাইল অপারেটর চারটি। এর মধ্যে দুটি অপারেটর সূত্রে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার বিষয়টি জানা গেছে। ওদিকে ঢাকা কলেজ এলাকায় অবস্থানকারী কয়েক ব্যক্তি জানিয়েছেন, তারা মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট পাচ্ছেন না।

গতকাল সোমবার রাতের সংঘর্ষের জের ধরে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। সংঘর্ষের কারণে ওই এলাকায় বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন। ভোগান্তিতে পড়েন শত শত পথচারী। ফলে অন্য সড়কগুলোতেও দেখা দেয় তীব্র জানজট।

ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ঢাকা কলেজের ভবনের ছাদ থেকে নিউমার্কেটের দিকে ইটপাটকেল ছুটতে দেখা গেছে শিক্ষার্থীদের।

সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ছাত্রদের মধ্যে অনেককে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেছে। ইটের আঘাতে বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

নিউমার্কেটের ব্যবসায়ীরা ওভারব্রিজের নিচে অবস্থান নেন, অন্যদিকে চন্দ্রিমা মার্কেটের সামনে অবস্থান নেয় ঢাকা কলেজ শিক্ষার্থীরা। বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে অন্তত তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাতের সংঘর্ষের জেরে সকাল থেকে নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচলও বন্ধ হয়ে যায়। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও। এছাড়া সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভির প্রতিবেদকসহ ৬ সাংবাদিক হামলার শিকার হন।

এর আগে, সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ‘কথাকাটাকাটির জেরে’ নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। আড়াই ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ঢাকা কলেজের একাধিক ছাত্র জানান, তাদের এক সহপাঠীর ওপর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন। এর প্রতিবাদে ঢাকা কলেজের আবাসিক হল থেকে কয়েকশ’ ছাত্র লাঠিসোঁটা নিয়ে হল থেকে বের হয়ে নিউমার্কেটে যায়। এ সময় নিউমার্কেটের কিছু দোকান ভাঙচুর করা হয়। পাশাপাশি কিছু ব্যবসায়ীকে মারধর করা হয়। এরপর নিউমার্কেটের ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে বেরোলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

অন্যদিকে ব্যবসায়ীরা বলেছেন, রাতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খাবার খেতে এসেছিল। খেয়ে তারা টাকা না দিয়েই চলে যাচ্ছিল। এ নিয়ে ছাত্রদের সঙ্গে দোকানের লোকজনের তর্কাতর্কি হয়। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা এসে দোকান ভাঙচুর করতে থাকে। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হয়ে আসেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন