হোম জাতীয় নিজেদের সংখ্যালঘু ভাববেন না: জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবতা উন্নতির ধারণা নিয়েই কাজ করছে বর্তমান সরকার। তাই নিজেদের সংখ্যালঘু ভাববেন না। নিজের সম্পর্কে হীন ধারণা নিয়ে বাঁচবেন না। কেননা, এই দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার আছে।

তিনি বলেন, সম্প্রীতির এই আত্মবিশ্বাস নিয়ে চলতে পারলে, দুষ্টু লোকেরা কখনোই হাঙ্গামা লাগানোর চেষ্টায় সুবিধা করতে পারবে না।

জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি ভার্চুয়ালি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, একটা গোষ্ঠী দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করে না। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা একটি গোষ্ঠী করতেই থাকে। এটা করার লোক সব ধর্মেই আছে।

তবে আওয়ামী লীগ সরকার এ বিষয়ে সতর্ক থাকে মন্তব্য করে তিনি বলেন, যখনই ধর্মীয় ইস্যুতে কোনো অঘটন ঘটেছে, তখনই আওয়ামী লীগ সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তবে এটা নিয়ে দেশে-বিদেশে অনাকাঙ্ক্ষিত সমালোচনা হয়। কেননা, যেখানে সরকার এসব ঘটনা রোধে যেসব পদক্ষেপ নেয়, সেগুলোর কথা না বলে, তারা শুধু সমালোচনাই করে।

আওয়ামী লীগ কাউকে হেয় করার নীতিতে বিশ্বাস করে না জানিয়ে শেখ হাসিনা বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলা ঠিক না। দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে।

সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, অধিক মুনাফার জন্য কিছু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম অতিরিক্ত বাড়িয়েছে। বিষয়টি সরকার কঠোরভাবে মনিটরিং করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন