নড়াইল প্রতিনিধি:
নড়াইল–১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের পক্ষে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে কালিয়ায় এক বিশাল নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
বেলা ১২টার দিকে মুন্সি আব্দুস সালাম ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে কালিয়া উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিয়া বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জোটের নেতা–কর্মী ও সাধারণ সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নড়াইল–১ আসনের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন; এটি ১৮ কোটি মানুষের মুক্তির লড়াই। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সারা দেশে আজ ইনসাফ কায়েমের আন্দোলন শুরু হয়েছে।“
তিনি নেতা–কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “সকল প্রকার রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।“
কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা ছবেদ মন্ডল, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা আঃ কুদ্দুস ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তাজ মোহাম্মদসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
