খেলাধূলা ডেস্ক :
পেশাদার রেসলিং ডব্লিউ ডব্লিউইতে অভিষেক হলো ‘দ্য রক’খ্যাত রেসলার ডোয়াইন জনসনের মেয়ে সিমোন জনসনের। এক সপ্তাহ আগে স্টেজে উঠেছিলেন তিনি। যেখানে নিজেকে আভা রেইন নামে পরিচয় দেন সিমোন। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।
দ্য রকের তিন সন্তান। এদের মধ্যে সবচেয়ে বড় সিমোন। তার বয়স ২০। ২০০১ সালের ১৪ আগস্ট ফ্লোরিডায় জন্মগ্রহণ করেন তিনি। এবার তার অভিষেক হলো রেসলিংয়ে।
মেয়েকে নিয়ে উচ্ছ্বসিত ও গর্বিত ডোয়াইন জনসন। তিনি বলেন, ‘আমি আমার মেয়ে সিমোনকে নিয়ে গর্বিত। ডব্লিউডব্লিউইয়ের ফেডারেশন এনএক্সটিতে তার অভিষেক হয়েছে। শুরুতেই দারুণ পারফর্ম করেছে। ও রিংয়ে উঠেছিল, বেশ উদ্দীপ্ত ছিল। রেসলিংয়ে তার নামটাও দারুণ পছন্দ হয়েছে আমার।’
রক আরও বলেন, ‘ওর নামটা দারুণ, সবকিছুর মিশেল রয়েছে এতে। এটাকে আপনি ব্যবসায়ীক উদ্দেশ্যও বলতে পারেন, পরিচিতও বলতে পারেন। আবার এটাকে সঙ্গী হিসেবেও ধরা যায়। আর সিমোন রেসলিংয়ের চতুর্থ যুগের প্রতিনিধিত্ব করছে। প্রথমবার রেসলিং দুনিয়ায় এমন কিছু ঘটল। আশা করি ও প্রতিপক্ষের জন্য আতঙ্কস্বরূপ এক নাম হবে।’
