খেলাধুলা ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যার হিসাবে দেড় কোটির মাইলফলকে পৌঁছেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ মাইলফলক স্পর্শ করার পর নিজের সমর্থকদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলে অভিহিত করলেন টাইগার ক্রিকেটার।
নিজের ফেসবুক পেজে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সাকিব বলেন, ‘আমি বিশ্বাস করি আমার সমর্থকরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সমর্থক। ধন্যবাদ সবাইকে সবসময় এতটা দোয়া ও ভালোবাসা দেওয়ার জন্য ও আমার প্রতিটি সুখ-দুঃখে সাথে থাকার জন্য। আপনাদের সকলকে ভালোবাসি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্য ধরনগুলোর তুলনায় সাকিবের ফেসবুকেই অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি। টুইটারে তাকে অনুসরণ করে প্রায় ১০ লাখ ৯০ হাজারের কাছাকাছি অ্যাকাউন্ড। ইনস্টাগ্রামে তার অনুসারী প্রায় ২০ লাখ ৩০ হাজার।
টাইগার অলরাউন্ডার এখন আছেন সংযুক্ত আরব আমিরাতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম পর্বের মতো যথারীতি দ্বিতীয় পর্বেও অংশ নিচ্ছেন তিনি। যেখানে খেলবেন আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমানও। আইপিএল খেলতে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
টুর্নামেন্টটির এবারের আসরে সাকিব আল হাসান খেলছেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। প্রথম পর্বে সাকিব দলে নিয়মিত সুযোগ না পেলেও শুরু থেকেই দারুণ ছন্দে থেকে দলে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন ‘কাটার মাস্টার’। আর তাই এই দু্ই তারকার উপস্থিতিতে আইপিএল নিয়ে বাংলাদেশি সমর্থকদের মাঝেও বাড়তি উন্মাদনা কাজ করছে।
করোনার প্রকোপে প্রথম দফায় স্থগিত হয়ে যাওয়ার পর আবারও শুরু হচ্ছে আইপিএল। বাকি ৩১ ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে আইপিএলের বাকি অংশ। প্রথম দিন লড়বে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। আর সাকিবের দল কেকেআর-এর প্রথম ম্যাচ ২০ তারিখ, প্রতিপক্ষ রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)।
