খেলাধূলা ডেস্ক :
ভারতের টেস্ট দলে অন্যতম নির্ভরতার নাম চেতেশ্বর পূজারা। সেঞ্চুরি কিংবা ফিফটি তার কাছে ছিল মুড়ি মুড়কির মতো। ব্যাট হাতে ক্রিজে নামলেই বোলারের ঘাম ছুটে যেত তাকে আউট করতে। কিন্তু এখন যেন নিজেকেই খুঁজে ফিরছেন পূজারা।
ফর্মহীনতায় দল থেকে ছিটকে গেছেন আগেই। জায়গা মেলেনি চলতি আইপিএলেও। কোনো দলই ভারতীয় তারকা এ ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখায়নি। এছাড়া রঞ্জি ট্রফির ব্যস্ততাও শেষ। আর তারপরই ঠিক করলেন, খেলবেন ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সে।
চলতি মৌসুমে সাসেক্সের হয়ে প্রথম ছয়টি কাউন্টি ম্যাচ খেলার কথা রয়েছে পূজারার। সে অনুযায়ী সাসেক্সের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন। এছাড়া আগামী মৌসুমে রয়্যাল লন্ডন কাপেও খেলার কথা তার। কিন্তু শুরুতেই হোঁচট খেলো তার ইংল্যান্ডে খেলার স্বপ্ন।
ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, সাসেক্সের হয়ে খেলতে যাওয়ার আগে ভিসা জটিলতায় পড়েছেন চেতেশ্বর পূজারা। যার কারণে প্রথম ম্যাচ নটিংহ্যাম্পশায়ারের বিপক্ষে খেলা হবে না তার। ভিসা পাওয়া যায়নি। তবে জানা গেছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সাসেক্স।
সাসেক্সের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটারদের এক জায়গায় নিয়ে আসতে সমস্যা হচ্ছে। আমরা পূজারার সঙ্গে এমন ভাবে চুক্তি করেছিলাম যাতে প্রথম ছ’টি ম্যাচ খেলার পরে মৌসুমের শেষ দিকে আবার তাকে পাওয়া যায়। সেভাবে ভিসার আবেদনও করা হয়েছিল। কিন্তু ভিসা পেতে সমস্যা হচ্ছে।
তবে দলটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষ দিকে পূজারা দলের সঙ্গে যোগ দেবেন।
