দেবহাটা প্রতিনিধি :
দেবহাটার পারুলিয়াতে খান ইলেকট্রিক এন্ড স্যানেটারী নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত ভোররাতে পারুলিয়া ইছামতি সিনেমা হল মার্কেটের ওই ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন জ্বলতে দেখে প্রতিষ্ঠানের মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীরা। পরে সখিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
প্রতিষ্ঠানটির মালিক মাঝ পারুলিয়া গ্রামের শাহজাহান আলী খাঁ’র ছেলে সাইফুল ইসলাম বাবু জানান, প্রতিদিনের ন্যায় বৃহষ্পতিবার রাত নয়টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান খান ইলেকট্রিক এন্ড স্যানেটারীর মুল দোকান ও দোতলায় থাকা গোডাউন বন্ধ করে বাড়িতে যান তিনি। ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা তাকে ফোন করে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বলছে বলে জানায়।
ভুক্তভোগী সাইফুল ইসলাম বাবু আরোও বলেন, তার প্রতিষ্ঠানের যে গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সেখানে কোন বৈদ্যুতিক লাইন ছিলনা। গোডাউনটিতে কেবলমাত্র একটি সৌর বিদ্যুতের লাইট লাগানো ছিল, যা অক্ষত রয়েছে। তিনি বলেন, দক্ষিন পারুলিয়ার নয়ন কবিরাজের জামাতা মোটর ভ্যান চালক রুবেল (২৭) দীর্ঘদিন তার দোকানের মালামাল আনা-নেয়ার কাজ করতো। কয়েকবার সে এসব মালামাল চুরি করে ধরা পড়ে।
সম্প্রতি আবারো রুবেল তার দোকানের মালামাল চুরি করে। এনিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডতা ও শত্রুতার সূত্রপাত হয়। শত্রুতার বশবর্তী হয়ে তার ব্যবসায়িক ও আর্থিক ক্ষতিসাধনের জন্য ওই রুবেল পরিকল্পিত ভাবে ব্যবসা প্রতিষ্ঠানটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে বলেও জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল ইসলাম। এব্যাপারে তিনি অভিযুক্ত রুবেলকে সন্দেহভাজন করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
