আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে তীব্র অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে। গত এক মাসেরও কম সময়ে দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট রিয়েল এস্টেট ইনডেক্স (ডিএফএমআরইআই) প্রায় ৩০ শতাংশ ধস নেমেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১,২০০ জন নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়, যাতে ইসরায়েল, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হয়। এসব হামলার কিছু প্রভাব পড়ে দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি এলাকায়, যা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।
যুদ্ধের এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা চরম আতঙ্কিত হয়ে পড়েছেন। ২৮ ফেব্রুয়ারি ডিএফএমআরইআই সূচক ১৬,১৪০ পয়েন্টে ছিল। কিন্তু যুদ্ধের প্রভাবে ক্রমাগত পতনের ফলে গত শুক্রবার লেনদেন শেষে সূচকটি ১১,৫০০ পয়েন্টের কাছাকাছি নেমে এসেছে—যা ২০২৫ সালের এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থান।
এই সংঘাতের কারণে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোও সতর্ক হয়েছে। কয়েকটি বড় ব্যাংক, যেমন সিটিব্যাংক, সংযুক্ত আরব আমিরাতে তাদের শাখা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধ যদি আরও তীব্র হয় তাহলে দুবাইয়ের অর্থনীতি—যা বাণিজ্য ও আবাসনের অন্যতম কেন্দ্র—আরো গভীর সংকটে পড়তে পারে।
তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, এই পতন মূলত শেয়ারবাজারে (রিয়েল এস্টেট কোম্পানিগুলোর শেয়ার) দেখা যাচ্ছে, প্রকৃত সম্পত্তির দামে এখনও ততটা বড় ধস নামেনি। লেনদেনের পরিমাণও কিছুটা স্থিতিশীল রয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদি সংঘাত চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্রঃ ডেইলি নিউজ
