নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়া উপজেলায় ভিজিএফ’এর চাল আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় কাশিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান ও ব্যবসায়ী মোঃ শাহাবুর রহমান কে জেল হাজতে প্রেরন করেছেন আদালত। মামলার অপর আসামী খাদ্যগুদাম কর্মকর্তা কামরান হোসেন হাজিরা দেননি।
রবিবার (২৪জুলাই) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শেখ মোহাঃ আমীনুল ইসলাম আসামীদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৯ মে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন যশোর বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন। মামলা নং-১৫/২০২২। এরপর আসামীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ২৩ জুলাই জামিনের দিন শেষ হলে নিন্ম আদালতে হাজিরা দেন চেয়ারম্যান ও ব্যবসায়ী।
২০১৯ সালে ঈদুল আযহায় গরীব মানুষের মাঝে বিতরনের জন্য ৪১.৫ মে.টন চাল বরাদ্দকৃত থেকে ৩.৬ মে.টন চাল বিক্রি করা হয় ব্যবসায়ী মোঃ শাহাবুর রহমান এর কাছে। ৯ আগষ্ট দুপুরে খাদ্যগুদাম থেকে এই চাল বের হয়ে গেলে নড়াইল-যশোর সড়কের সারুলিয়া চায়না প্রজেক্ট এর সামনে থেকে পুলিশ চুরি হওয়া চাল নসিমন সহ ১২০ বস্তা আটক করে।
