আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে তুরস্কে বৈঠক করতে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
সোমবার (৭ মার্চ) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার তাদের বৈঠক হওয়া কথা রয়েছে।
কুলেবা ও লাভরভের মধ্যে আন্তালায় ওই বৈঠক হবে। এতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী নিজেও উপস্থিত থাকবেন। খাবুসগলু বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের উদ্যোগ ও আমাদের ব্যাপক কূটনৈতিক চেষ্টার কারণে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও দিমিত্রো কুলেবার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা দুজনেই বৈঠকে অংশ নিতে নিশ্চয়তা দিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যেই এই বৈঠক হবে। কিয়েভ বলছে, বিভিন্ন আবাসিক এলাকায় রাশিার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। রাজধানীতে সর্বাত্মক হামলা চালানো হচ্ছে।
এদিকে রাজধানী কিয়েভের কাছের শহর গোস্টমেলের মেয়ের রাশিয়ার বাহিনীর হাতে নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) শহর কর্তৃপক্ষ এমন তথ্য দিয়েছে।
এক ফেসবুক পোস্টে তারা জানিয়েছে, ক্ষুধার্তদের রুটি ও অসুস্থদের ওষুধ বিতরণ করতে গিয়ে গোস্টমেলের প্রধান ইউরি ইলিচ প্রিয়াপকো নিহত হয়েছেন। তার দুই সঙ্গীও গুলিবিদ্ধ হয়েছেন।
তবে কখন তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। শহরটিতে কৌশলগত গুরুত্বপূর্ণ আন্তনভ সামরিক বিমানঘাঁটি রয়েছে।
