জাতীয় ডেস্ক :
চট্টগ্রামের ফটিকছড়িতে শাহীন মনি নামে তিন বছরের এক শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে পুরো শরীর ক্ষত-বিক্ষত করে দেওয়ার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে।
গত শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আবদুর রহমান টেন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আহত শিশুকে উদ্ধার করে ফটকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করার পরামর্শ দেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা শেষে শিশুটি অনেকটা সুস্থ হওয়ায় সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে তাকে নিজ বাড়িতে পাঠিয়ে দিয়েছে হাসাপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা অনেকটা ভালো হওয়ায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে। তবে তাকে বেশকিছু দিন বিশ্রামে রাখতে হবে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার রাতে শিশু শাহীন মনিকে তার সৎমা নিগার সুলতানা বৃষ্টি (২৪) গরম খুন্তিতে ছ্যাঁকা দেন। শুধু তাই নয়, এ ঘটনা যেন প্রতিবেশীরা জানতে না পারে- সে জন্য শিশুটিকে তালাবদ্ধ ঘরে বেঁধে রাখেন তিনি। পরে রোববার সন্ধ্যায় শাহীন মনি ঘর থেকে বের হলে স্থানীয়রা আহত অবস্থায় দেখে স্থানীয় কাউন্সিলর রফিকুল আলমকে জানায়। পরে তিনি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউন্সিলর রফিকুল আলম বলেন, আমি খবর পেয়ে পুলিশকে জানিয়েছি। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গেছে। আমি শিশুটির চিকিৎসার ব্যয়ভার নিয়েছি।
