জাতীয় ডেস্ক :
মাদারীপুরে ইতালি প্রবাসী এক কিশোরী অপহৃত হওয়ার তিন দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, মেয়ের সন্ধান না পেয়ে অসহায় হয়ে পড়েছেন মা-বাবা।
স্বজনরা জানান, আত্মীয় মারা যাবার খবর পেয়ে ৮ বছর পর মা-বাবার সঙ্গে ইতালি থেকে ফুফুর বাড়িতে বেড়াতে আসে ১৫ বছর বয়সী কিশোরী নোভা। গত ১০ জানুয়ারি সকালে মাদারীপুর শহরের শকুনী এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ওই কিশোরীকে মাইক্রোবাসে তোলে আফজাল হোসেন শাওনসহ তার সহযোগীরা। এরপর আর কোনো সন্ধান মেলেনি নোভার।
এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মেয়েটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
কিশোরীর বাবা রিপন চোকদার বলেন, আমার মেয়ে এখনো বাংলায় ঠিকমতো কথা বলতে পারে না। দেশের টাকাও চেনে না। তাকে কৌশলে অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনার বিচার চাই। আর আমি আমার মেয়েকে দ্রুত ফেরত চাই।
কিশোরীর ফুফা সামচুদ্দিন মাতুব্বর বলেন, নোভা ব্রাশ করতে বাড়ির সামনের সড়কে আসলে এ সময় কতিপয় সন্ত্রাসীরা নোভাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। নোভাকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনের নামে সদর মডেল থানায় মামলা করেছেন মেয়েটির বাবা। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তবে প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন এখনো পলাতক রয়েছে। তাকে ধরতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার অভিযান চলছে।
