হোম জাতীয় তিতাসে নৌকাডুবি: ৭ ঘণ্টা পর নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধানবোঝাই নৌকাডুবির সাত ঘণ্টা পর নিখোঁজ ধানকাটা শ্রমিক মো. বিল্লালের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে ওই এলাকায় ধানবোঝাই নৌকা ডুবে নিখোঁজ হন বিল্লাল। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া জানান, নিখোঁজ হওয়ার পর থেকে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল তৎপরতা চালায়। পরে কিশোরগঞ্জের ডুবুরি দল এসে বেলা সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরান হোসেন জানান, সকালে সদর উপজেলার চাপুইর এলাকা থেকে ধানবোঝাই একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিকসহ ধানকাটার শ্রমিক ও মাঝি ছিলেন। চাপুইর এলাকায় কিছু দূর যাওয়ার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতারে নদীর তীরে উঠলেও শ্রমিক বিল্লাল নিখোঁজ হন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন