বিনোদন ডেস্ক :
বাংলাদেশের উত্তর-পূর্বে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। প্রশাসনের হিসাবে বলা হচ্ছে দুই জেলায় প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে সুনামগঞ্জ শহর পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতোমধ্যে লাখ লাখ পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। অনেকেই আবার তাদের সাহায্যের জন্য তহবিল গঠন করছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তিনি নিউইয়র্কে বসেই বানভাসি মানুষগুলোর জন্য কিছু করতে চান। গঠন করতে চান বড় তহবিল, দিতে চান সহায়তা। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সাহায্যের জন্য স্ট্যাটাস দিয়েছেন। গঠন করেছেন তহবিল। শুধু শাকিব খান নন, দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান, আসিফ আকবরসহ দেশের আরও অনেক তারকা এগিয়ে এসেছেন।
ইতোমধ্যে ব্যান্ড দল ‘কুঁড়েঘর’ তহবিল গঠন করে বন্যাকবলিত এলাকায় অবস্থান করছে। ফেসবুক পোস্টে ব্যান্ড দলটির গায়ক তাশরীফ খান জানিয়েছেন, ‘দুই দিনে ১৬ লাখ টাকা অনুদান এসেছে। মোবাইলের লিমিট শেষ হওয়ার কারণে আমরা এখন টাকা নিতে পারছি না। এখন কেউ টাকা পাঠাবেন না। আমরা এটা ডিস্ট্রিবিউট করার পর প্রয়োজন হলে আবার জানাব।’
শুক্রবার (১৭ জুন) দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অমানুষ’। তারাও ঘোষণা দিয়েছেন, ‘অমানুষ’ সিনেমার টিকিটের টাকা যাবে বন্যার্তের মাঝে। এমনটাই জানিয়েছেন চিত্রনায়ক নিরব। তিনি বলেন, ‘অমানুষ’ সিনেমার প্রথম সপ্তাহের টিকিট বিক্রির টাকা দেয়া হবে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে। বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এ উদ্যোগটি নিয়েছে টিম অমানুষ।
