জাতীয় ডেস্ক :
কুমিল্লার লাকসামে তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে লাকসামের গোবিন্দপুরের দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের সামনে স্থানীয় জনগণ এক সমাবেশে এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাধা প্রদানের প্রতিবাদে স্থানীয় জনগণ এ সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের মোতয়াল্লী সৈয়দ মনজুর আলম পারভেজ মোহনপুর দরবার শরীফের প্রতিনিধি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের লাকসাম উপজেলা সভাপতি এমএ তাহের, সাধারণ সম্পাদক মাওলানা রবিউল হোসেন হেলালি।
এছাড়াও লাকসাম পৌরসভা সাধারণ সম্পাদক জাফর আহমদ ইসলাহী, আওলাদে চাঁদপুরী সৈয়দ মোহন, স্থানীয় ওয়ার্ড মেম্বার মশিউর রহমান সমাবেশে বক্তব্য রাখেন।
এরআগে গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব ড. সৈয়দ রেজাউল হকের প্রতিষ্ঠিত চাঁদপুর শাহ দরবার শরিফের দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নীয়া সিনিয়র মাদ্রাসার মাঠ দখলের অভিযোগ এনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে অবস্থান নিয়ে মানববন্ধন শুরু করে। পরে সোয়া ১০ টার দিকে মহাসড়কে এলোমেলো অবস্থা নিয়ে অবরোধের চেষ্টা করে।
এ সময় সংগঠনটির অনেক নেতাকর্মীকে মহাসড়কে শুয়ে থাকতে দেখা যায়। পরে পুলিশের আশ্বাসে দেড় ঘণ্টা পর মহাসড়ক থেকে যান চলাচলের প্রতিবন্ধকতা সরিয়ে নেয়।
