হোম আন্তর্জাতিক ট্যাংকার জব্দ: ওয়াশিংটন-তেহরান উত্তেজনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক :

গ্রিস উপকূল থেকে ইরানের পতাকাবাহী একটি তেলের ট্যাংকার জব্দের ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। এরই মধ্যে তেহরানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা সুইস দূতকে তলব করেছে ইরান। একই সঙ্গে অতি দ্রুত তেলবাহী জাহাজ ‘পেগাস’ ছেড়ে দেয়ার দাবি জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৬ মে) গ্রিস উপকূল থেকে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ এনে ইরানের পতাকাবাহী তেলের ট্যাংকার ‘পেগাস’ আটক করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ছয় লাখ ব্যারেল অপরিশোধিত তেল জব্দ করে ওয়াশিংটন।

গত ২২ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আক্রমণের দুদিন আগে যে পাঁচটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল পেগাস তার একটি। পরে রাশিয়ার মালিকানাধীন ট্যাংকারটির নাম পরিবর্তন করে ইরানের পতাকা ওড়ানো হয়।

তবে গেল বুধবার (২৫ মে) রাশিয়ার মদতে তেল চোরাচালান এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের জন্য মানি লন্ডারিং নেটওয়ার্কের অভিযোগ এনে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। যদিও ইরানের দাবি, ট্যাংকারটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে গ্রিসের উপকূলে আশ্রয় চায় পেগাস। জাহাজের মালামাল জব্দ করাকে ‘জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছে রাইসি প্রশাসন।

জাহাজ জব্দের নিন্দা জানিয়ে শুক্রবার (২৭ মে) যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা সুইজারল্যান্ডের দূতকে তলব করে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সরকারের ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আন্তর্জাতিক সামুদ্রিক চুক্তি লঙ্ঘনের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র।

অবিলম্বে ট্যাংকারটি ছেড়ে দেয়ার দাবি জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন