হোম খেলাধুলা টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ দলে বড় দুঃসংবাদ

খেলাধূলা ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ইনজুরিতে ছিটকে গেলেন ইয়াসির আলী রাব্বি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিজ্ঞ সদস্য মুশফিকুর রহিম না থাকায় মিডল অর্ডারে বড় ভরসা হিসেবে ভাবা হচ্ছিল ইয়াসির রাব্বিকে। কিন্তু সিরিজ শুরুর আগেই ব্যাক (পিঠের) ইনজুরিতে ছিটকে গেলেন চট্টগ্রামের এই ক্রিকেটার।

বিসিবি সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অর্থাৎ গত ১০ জুন চোট পান ইয়াসির। এরপর এমআরআই স্ক্যান করলে ব্যাক পেইন ইনজুরি ধরা পড়ে।

বিসিবি পিজিও বায়েজিদ ইসলাম ইয়াসির আলী রাব্বির চোট নিয়ে বলেন, ইনজুরি থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। আর যে কারণে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবে না সে।

আগামী ১৬ জুন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ক্যারিবীয় দ্বীপে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। তবে ব্যাটে-বলে ম্যাচটিতে খুব বেশি দ্যুতি ছড়াতে পারেননি কেউই। ব্যাটিংয়ে একমাত্র তামিম ইকবাল আর বোলিংয়ে এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান ছাড়া বাকিরা ছিলেন অনুজ্জ্বল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট না করলেও প্রথম ইনিংসে তামিম অপরাজিত ছিলেন ১৬২ রানের অনবদ্য ইনিংস খেলে। ২৮৭ বলে ২১টি চার ও ১টি ছক্কা ছিল টাইগার ওপেনারের ইনিংসে। ব্যাট হাতে প্রথম ইনিংসে আশার আলো দেখিয়েছেন নাজমুল হোসেন শান্তও। তিনি খেলেছেন ৫৪ রানের ইনিংস।

তবে অফ ফর্মেই রয়ে গেছেন মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। রানখরায় ভুগতে থাকা দুজনের সামনেই ছিল এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর। কিন্তু ১৬ বল খেলে ৪ রান করা মুমিনুল রানআউট হওয়ায় সেটি হয়নি। প্রথম ইনিংসেও তিনি আউট হন সমান ৪ রান করে। এদিকে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

টেস্ট স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন