হোম খেলাধুলা টেনিসকে বিদায় বললেন ফেদেরার

খেলাধূলা ডেস্ক :

সুইস টেনিস তারকা রজার ফেদেরার বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন তিনি। অবসরের ঘোষণা দিয়ে ফেদেরার বলেন, আগামী সপ্তাহে ল্যাভার কাপ হবে তার শেষ এটিপি টুর্নামেন্ট।

চোটের কারণে বেশিভাগ সময়েই কোর্টের বাইরে সময় কাটাতে হয় ফেদেরারের। সেই কারণেই হয়তো অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৪১ বছর বয়সী এই টেনিস তারকা।

ভিডিও বার্তায় ফেদেরার বলেন, ‘আপনারা অনেকেই জানেন শেষ তিন বছর আমাকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, চোট-সার্জারির ধকল সহ্য করতে হয়েছে। প্রতিযোগিতামূলক খেলায় পুরোপুরি ফিরতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমি আমার শরীরের ক্ষমতা আর সীমাবদ্ধতা জানি। আর এটা আমাকে যা জানাতে চাচ্ছে, সেটা পরিষ্কার। আমি ৪১ বছর বয়সী একজন মানুষ। ২৪ বছরের ক্যারিয়ারে ১৫০০ এরও বেশি ম্যাচ খেলেছি।’

তিনি আরও বলেন, ‘টেনিস আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে। আর এখন আমার ক্যারিয়ারের ইতি টানার সময় হয়ে এসেছে।’

১৯৯৮ সালে সিনিয়র লেভেলে পা রাখার পর ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন সুইস এই কিংবদন্তি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন