হোম জাতীয় টিপকাণ্ড: প্রতিবাদকারীদের ব্যঙ্গ করায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় ডেস্ক :

টিপ পরায় শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় প্রতিবাদকারীদের ব্যঙ্গ করায় সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক লিয়াকত আলীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, পুলিশের ওই কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে টিপ পরায় এক নারীকে হেনস্তার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ চলছে। এই প্রতিবাদকারীদের নিয়েই ব্যঙ্গ করেছেন আরেক পুলিশ সদস্য। লিয়াকত আলী নামের ওই পুলিশ কর্মকর্তা সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক হিসেবে কর্মরত।

সোমবার (৪ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে টিপকাণ্ডের প্রতিবাদকারীদের বিদ্রূপ করেন লিয়াকত। এতে নারীর পোশাক নিয়েও মন্তব্য করেন তিনি।

লিয়াকতের ওই পোস্টের নিচে সমালোচনা করে মন্তব্য করেন কেউ কেউ। তবে বেশিরভাগ মন্তব্যকারীই লিয়াকতের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে তার প্রশংসা করেছেন। তবে সন্ধ্যার দিকে নিজের ওই পোস্টটি মুছে (ডিলিট) দেন লিয়াকত।

এর আগে দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে লিয়াকত লিখেন, ‘টিপ নিয়ে নারীকে হয়রানি করার প্রতিবাদে অনেক পুরুষ নিজেরাই কপালে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি ভবিষ্যৎ ভাবনায় শঙ্কিত।’ তিনি নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেন।

সিলেটের পুলিশ সুপার জানান, লিয়াকতকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাছাড়া তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লিয়াকতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন