খেলাধুলা ডেস্ক :
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর সোমবার (৬ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে এখনো দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ম্যাচে টাইগারদের ব্যাটিং ভরাডুবির পর নাকি নতুন করে চিন্তা-ভাবনা করছে নির্বাচকরা।
যদিও গুঞ্জন ছিল ৬ কিংবা ৭ সেপ্টেম্বর দল ঘোষণা হতে পারে। এমন খবরে সায় দিয়েছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমনও। শনিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হাবিবুল বাশার জানিয়েছিলেন, ৬ বা ৭ সেপ্টেম্বরের মধ্যেই হয়ত বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড চূড়ান্ত হয়ে যাবে।
এছাড়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায়ও আভাস পাওয়া গেছে, কিউইদের বিপক্ষে তৃতীয় ম্যাচে রোববার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে থেমে গেছে দল সাজানোর কাজ। সরাসরি না বললেও বর্তমান প্রেক্ষাপটে বিশ্বকাপ দল সাজাতে আরও দুই-একদিন লাগবে; এমনই ইঙ্গিত প্রধান নির্বাচকের।
তবে জানা গেছে, ‘৮ সেপ্টেম্বর সিরিজের চতুর্থ ম্যাচের দিনই নতুন খবর পাওয়া যেতে পারে।’
নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা প্রস্তুতি নিয়েই এবার মরুর বুকে পাড়ি দেবে টিম টাইগার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খানের কথায়ও এমনটা স্পষ্ট হওয়া গেছে।
তামিম না থাকায় নাজমুল হোসেন শান্তর স্কোয়াডে ফেরার গুঞ্জন শোনা গেলেও বিসিবি সূত্রের খবর সে সম্ভাবনা ক্ষীণ। সবশেষ নিউজিল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়ছেন তাইজুল ইসলাম। সেরা ১৫-তে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে সুযোগ মিলছে আমিনুল ইসলাম বিপ্লবের।
রিয়াদ-সাকিব-মুশফিক-মুস্তফিজ আর লিটন। সেরা ১৫ তো অবশ্যই দলেও জায়গা তাদের নিশ্চিত। এই আসরে কাপ্তান মাহমুদউল্লার ডেপুটি হিসেবে সবচাইতে এগিয়ে সুপার সাকিব।
সবশেষ সিরিজগুলোতে ওপেনিংয়ে পছন্দের শীর্ষে নাঈম। ট্রু উইকেটে সৌম্যের কার্যকারিতা প্রশ্নাতীতভাবেই প্রমাণিত। আফিফ-সোহান নিয়মিতভাবেই থাকছেন একাদশে। এর বাইরে আছেন শরিফুলও।
দলে নিয়মিত সুযোগ না মিললেও নিজেকে নবরূপে খুঁজে পাওয়া তাসকিনের স্কোয়াডে না থাকার কারণ নেই খুব একটা। নাসুম, মেহেদীর সঙ্গে প্রথম বিশ্বকাপের রোমাঞ্চের অপেক্ষায় শামীম পাটোয়ারী। ১৫ সদস্যের বাকি নামটা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের।
করোনাকালের কথা চিন্তা করে আরও তিনজনকে স্ট্যান্ডবাই হিসেবে নিয়ে যাওয়ার পরিকল্পনা বোর্ডের। তবে তাদের সব খরচ বহন করতে হবে বিসিবিকেই।
