তাজমুল, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছার মনোহরপুর গ্রামের ভিক্ষুক শুকুর আলীর ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় একই পরিবারের ৪জনসহ ৫ জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। মঙ্গলবার শুকুর আলী বাদী হয়ে আদালতে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন ঝিকরগাছা থানার ওসিকে।
আসামিরা হলো, কায়েমকোলা গ্রামের সানু গোলদারের ছেলে সবুজ, আব্দুল জলিল, মুজিবর, মেয়ে রেবেকা খাতুন ও আলাউদ্দিনের ছেলে ভুট্টো।
মামলার অভিযোগে জানা গেছে, শুকুর আলী একজন বৃদ্ধ মানুষ। তিনি যশোর শহরের বিভিন্ন স্থানে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। আসামিদের বাড়ি অন্য গ্রামে হলেও তার প্রতিবেশী। সেই সুবাদে আসামিরা তার বাড়িতে যাতায়াত করত। গত ৫ জানুয়ারি তিনি ভিক্ষার উদ্দেশ্যে যশোর শহরে চলে আসেন।
এ সুযোগে আসামিরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর তারা আলমিরার তালা ভেঙ্গে নগদ ৪০ হাজার ৫শ’ টাকা ও স্ত্রীর দুইটি সোনার আংটি, চেনসহ ৯০ হাজার ৫শ’ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এদিন তিনি বাড়ি ফিরে ঘরের তালা ভাঙা ও আলমিরা থেকে টাকা ও গহনা চুরির বিষয়টি বুঝতে পারেন। এরপর তিনি প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়ে আসামিদের নাম জানতে পেরে তিনি আদালতে এ মামলা করেছেন।
