হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠিতে দপ্তরির বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী খোকন সিকদারের (৩৫) বিরুদ্ধে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি খোকন সিকদারকে আটক করলেও প্রধান শিক্ষক এসে তাকে ছাড়িয়ে নেয়। এ ঘটনার বিচারের দাবিতে স্থানীয়রা বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। এসময় বিক্ষোভ মিছিল করে তারা।

পুলিশ ও মেয়েটির পরিবার জানায়, বিদ্যালয়ের দপ্তরি খোকন সিকদার পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে বিদ্যালয়ের একটি কক্ষে সকালে প্রাইভেট পড়ায়। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের কক্ষের দরজা আটকে সে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা করে। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে খোকন সিকদারকে বিদ্যালয়ের কক্ষের মধ্যেই আটক করে রাখে। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত দপ্তরির ভাই জাহাঙ্গির হোসেন সিকদার এসে ধর্ষণ চেষ্টাকারীকে লোকজনের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনার বিচারের দাবিতে মেয়ে দুটির পরিবার ও স্থানীয় লোকজন বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে। তারা অভিযুক্ত দপ্তরিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

নলছিটি থানার উপপরিদর্শক শহিদুল আলম জানান, এ ঘটনায় একটি মেয়ের পরিবার থানায় অভিযোগ দিয়েছে। অভিযুক্ত দপ্তরি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন