জাতীয় ডেস্ক :
লঞ্চের কেবিনের তালা ভেঙে চুরি। জুসের বোতলে ওষুধ খাইয়ে অচেতন করে যাত্রীদের সর্বস্ব লুট করে সংঘবদ্ধ চোর চক্র। প্রায় ৯ বছর পর এমন এক চক্রের মূলহোতা খাইরুল ইসলাম নামে এক ব্যক্তি ও স্বপন নামে তার এক সহযোগীকে গ্রেফতার করেছে সদরঘাট নৌ পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বরিশালগামী একটি লঞ্চের কেবিনের সামনে মোবাইল ফোন নিয়ে হাঁটাচলা করছেন একজন। কিছুক্ষণ পর কেবিন থেকে বেড়িয়ে এলেন আরেকজন। কাঁধে বড় দুটি ব্যাগ। খুব সাধারণ মনে হলেও, এটি একটি সংঘবদ্ধ চোর চক্র।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এমনই এক চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সদরঘাট নৌ পুলিশ। তারা জানায়, কখনো কেবিনের তালা ভেঙে, কখনো যাত্রীদের নেশাজাত দ্রব্য মিশিয়ে জুস খাইয়ে অচেতন করে সর্বস্ব লুট করে চক্রটি।
ঢাকা অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আমাদের নৌ পুলিশের কিছু চৌকশ কর্মকর্তা যাদের সাদা পোশাকে আমরা তাৎক্ষণিকভাবে নিয়োজিত করি। খুব অল্প সময়ের মধ্যে এই দুজন চোরকে আমরা চিহ্নিত করি এবং তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই।
চুরির সঙ্গে লঞ্চের কোনো কর্মীর যোগসাজশ আছে কি-না খতিয়ে দেখছে পুলিশ।
গৌতম কুমার বিশ্বাস আরও বলেন, লঞ্চের কোনো স্টাফ জড়িত আছে কিনা তাদের সুযোগ দেয়ার জন্য সেই প্রশ্নটা আমাদেরও বিবেচনায় রয়েছে এবং আমরা এটা উদঘাটন করব তদন্তের মাধ্যমে।
মূলহোতা খাইরুলের বিরুদ্ধে আরও ১০টি চুরির মামলা আছে।
