হোম জাতীয় জুলাই অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

নিউজ ডেস্ক:
চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। সরকার সেই নীতিতেই রয়েছে।

রবিবার (১ মার্চ) সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনী মাঠে থাকবে কি না– এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত হবে।

র‍্যাবের বিলুপ্তি বা নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষা-নিরীক্ষা শেষে। অবৈধ অস্ত্র উদ্ধারে নির্দেশনাও জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভারতীয় হাইকমিশনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। নিরাপত্তা ও সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। টুরিস্ট ভিসা ধাপে ধাপে বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও একটি আদেশ উত্থাপন করা হবে। এর মধ্যে কোনটি গৃহীত হবে, আংশিক সংশোধন হবে বা বাতিল হবে– তা সংসদেই নির্ধারিত হবে।

ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কোনও উপজেলায় যেন ফায়ার সার্ভিসের অফিস না থাকে– এমন পরিস্থিতি রাখা হবে না। নতুন নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। অতীতে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন