হোম ফিচার জার্মান শিল্পীর ছোঁয়ায় রঙিন হচ্ছে চবির শাটল ট্রেন

শিক্ষা ডেস্ক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনের বগিসমূহ শিল্পকর্ম অঙ্কনের মাধ্যমে ফের রঙিন হচ্ছে। জার্মানির আর্ট গ্রুপের প্রধান শিল্পী লুকাস জিলিঞ্জার নিজস্ব অর্থায়নে বিভিন্ন শিল্পকর্মে রঙিন করছেন শাটল ট্রেন। তাকে এই কাজে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ জুলাই) সকাল থেকে জার্মান ওই শিল্পী শাটল ট্রেনে শিল্পকর্মের কাজ শুরু করেন। শিল্পকর্মে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, সংসদ ভবন, সিআরবি, সূর্যাস্তের দৃশ্য, সমুদ্রসহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য স্থান পাবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, গত ২৮ মার্চ জার্মান শিল্পী লুকাস জিলিঞ্জার আমাদের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শাটল ট্রেনের বগিগুলো নান্দনিক শিল্পকর্মের মাধ্যমে সাজানোর প্রস্তাব দেন। আমাদের শাটল ট্রেনে আগে বিভিন্ন ধরনের শিল্পকর্ম ছিল। আমাদেরও শাটল ট্রেন সাজানোর পরিকল্পনা ছিল। আমরা তার প্রস্তাবটি বিবেচনা করে তাকে শিল্পকর্মের অনুমতি দেই।

শহর থেকে ২২ কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান। শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র মাধ্যম শাটল ট্রেন। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে সাত জোড়া ট্রেন চলাচল করে। ১২ থেকে ১৫ হাজার শিক্ষার্থী চলাচল করে শাটল ট্রেনে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন