হোম ফিচার জাবিতে পরীক্ষা দিতে এসে ধরা বুয়েট শিক্ষার্থী!

শিক্ষা ডেস্ক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসার অভিযোগে শিপন তহিদুল হাসান (২৮) নামের একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার পঞ্চম শিফট চলাকালে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তাকে আটক করা হয়।

আটক শিপন জানান, তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী
এবং তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার হাটুরিয়া গ্রামে।

শিপন সাংবাদিকদের বলেন, ‘২০ হাজার টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষার্থীর সঙ্গে পরিচয় হয় উদ্ভাস কোচিং থেকে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান সাংবাদিকদের বলেন, ‘নাজমুল হক নামে এক ভর্তিচ্ছু-শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে আসে শিপন। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শিপন তার জালিয়াতির কথা স্বীকার করেন।’

তিনি বলেন, ‘আজকের ভর্তি পরীক্ষার পঞ্চম শিফটের সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তিনি এখন আমাদের জিম্মায় আছেন, ভ্রাম্যমাণ আদালতও আমাদের সাথে আছে। তার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন