বাণিজ্য ডেস্ক :
গৌতম আদানি শুক্রবার (২৪ জুন) ৬০ বছর বয়সে পা রাখতে যাচ্ছেন। আর তার জন্মদিন উপলক্ষ্যে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ও তার পরিবার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য ৬০০ বিলিয়ন ভারতীয় রুপি বা ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার দান করার প্রতিশ্রুতি দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাতকারে এ কথাই জানান গৌতম আদানি।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দক্ষতার উন্নয়ন জোরদার করা জন্য আদানি ফাউন্ডেশনের মাধ্যমে এ অনুদানটি পরিচালিত হবে।
তার বাবা শান্তিলাল আদানির জন্মশতবর্ষকেও সম্মান করে এ অনুদানটি করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
আদানি বলেন, এটি ভারতীয় করপোরেট ইতিহাসে একটি ফাউন্ডেশনে করা সবচেয়ে বড় অনুদান।
ভারতীয় এই ধনকুবের শুক্রবার (২৪ জুন) ৬০ বছর বয়সে পা রাখতে যাচ্ছেন। তিনি মার্ক জাকারবার্গ এবং ওয়ারেন বাফেটের মতো বিশ্ব বিলিয়নিয়ারদের তালিকাভুক্ত, যারা তাদের সম্পদের একটি বড় অংশ পরোপকারে ব্যয় করছেন।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্যমতে, এ বছর এ পর্যন্ত আদানির নেট সম্পদের সঙ্গে ১৫ বিলিয়ন ডলারেরও বেশি যোগ হয়েছে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৯১ দশমিক ৭ বিলিয়ন ডলার। তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে ৮ম। তারপরেই ৯ম অবস্থানে রয়েছেন ভারতীয় আরেক ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি।
সাক্ষাৎকারে আদানি বলেন, আমরা আগামী মাসে তিনটি বিশেষজ্ঞ কমিটিকে আমন্ত্রণ জানাব, যারা এ তিনটি খাতে তহবিল বরাদ্দের সিদ্ধান্ত নেবেন।
এ কমিটিতে আদানি পরিবারের সদস্যরা সহায়ক ভূমিকায় থাকবেন বলেও জানান তিনি।
