জাতীয় ডেস্ক :
মোবাইল ফোন ছিনতাইকারীকে ধরতে চলন্ত শাটল ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রী নন্দিতা দাস।
রোববার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে ট্রেনটি নগরীর কদমতলী মোড় অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
আহত নন্দিতা দাস শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সকাল ৮টার দিকে ছেড়ে যায় শাটল ট্রেন। কদমতলী মোড় ক্রস করার সময় ছাত্রী নন্দিতা দাসের মোবাইল ফোনটি ছিনিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন ছিনতাইকারী। এসময় ওই ছাত্রীও ছিনতাইকারীর পিছু নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এতে গুরুতর আহত হন তিনি।
ওই ট্রেনে ডিউটিরত পুলিশ সদস্য মো. রফিক বলেন, চলন্ত অবস্থায় ছিনতাইকারী ওই ছাত্রীর মোবাইল ফোন টান দিয়েই ট্রেন থেকে লাফ দেয়। এসময় ছাত্রীও লাফ দেন। এর মধ্যে ট্রেনের গতি বেড়ে যাওয়ার কারণে আমরা নামতে পারিনি। তবে আমরা বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে থানাকে জানিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বিষয়টি দেখছেন বলে জানান।
শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হাজারো শিক্ষার্থীর যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেন।
