হোম খেলাধুলা চেন্নাইকে ১৭২ রানের বড় লক্ষ্য দিল কলকাতা

খেলাধুলা ডেস্ক :

আইপিএলের আরব আমিরাত পর্বে এখন পর্যন্ত অপরাজিত দুই দল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। রোববার (২৬ সেপ্টেম্বর) দুই দলের মুখোমুখি লড়াইয়ে চেন্নাইকে ১৭২ রানের লক্ষ্য দিল কলকাতা।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিলেন কেকেআরের ওপেনার শুভমন গিল। প্রথম ওভারেই পরপর দু’টো চার মারেন তিনি। তবে এরপরই রানআউটের চক্করে পড়েন। ৫ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন।

শুভমনের উইকেট হারানোর ধাক্কা সামলে দলের রান পঞ্চাশে পৌঁছার পর মুহূর্তেই দ্বিতীয় উইকেট হারায় নাইট রাইডার্স। ১৫ বলে ১৮ করে সাজঘরে ফেরেন ভেঙ্কটেশ। ব্যাটের কোণায় লেগে ধোনির কাছে হাতে ক্যাচ যায়। আম্পায়ার আউট দিলেও ডিআরএস নিয়েছিলেন ভেঙ্কটেশ। কিন্তু শেষ রক্ষা হয়নি। রিভিউ নষ্ট হয়।

কলকাতার হয়ে নিজের ৫০তম ম্যাচেও রাঙাতে পারলেন না অধিনায়ক ইয়ন মরগ্যান। জশ হ্যাজলউডের বলে বড় শট খেলার চেষ্টা করেছিলেন। বাউন্ডারি লাইনের সামনে দুরন্ত ক্যাচ ধরেন ডু প্লেসি। ক্যাচটা ধরার পর তিনি ব্যালেন্স রাখতে না পেরে বাউন্ডারি লাইনের দিকে পড়ে যাচ্ছিলেন, নিজেকে সামলাতে বলটা ওপরের দিকে ছুড়ে দেন ডু প্লেসি। নিজেকে সামলে নিয়ে ফের ক্যাচটি ধরেন তিনি। ১৪ বলে ৮ রান করে ফিরে যান কলকাতা অধিনায়ক।

অধিনায়কের পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি থিতু হয়ে যাওয়া রাহুল ত্রিপাঠিও। রবীন্দ্র জাদেজার বলে ৩৩ বলে ৪৫ রান করে আউট হন রাহুল। এরপর ১৫ বলে ২০ রান করে আউট হন রাসেলও। শেষ পর্যন্ত কলকাতার ইনিংস থামে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানে। জিততে হলে ধোনির চেন্নাইকে করতে হবে ১৭২ রান।

৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ধোনির চেন্নাই। আজ জিতলে শীর্ষে উঠে যাবে তারা। অন্যদিকে, অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে কলকাতা। তার জিতলে এগোবে এক ধাপ। অর্থাৎ তিনে চলে আসবে।

আইপিএলের প্রথম পর্বে কলকাতা নাইট রাইডার্স মোটেও ভাল ছন্দে ছিল না। কিন্তু দ্বিতীয় পর্বে তারা দুর্দান্ত ছন্দে রয়েছে। এরই মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছে শাহরুখ খানের দল। চেন্নাইও এই পর্বে দু’টি ম্যাচই জিতেছে। খাতায় কলমে ধোনির দল এগিয়ে থাকলেও, আবুধাবিতে কলকাতাও চমকে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে।

আজকের ম্যাচের আগে দ্বিতীয় পর্বের গত দুই ম্যাচেও একাদশের বাইরে রাখা হয়েছিল বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তার জায়গায় নিজের অবস্থান মোটামুটি পাকাপোক্ত করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন। গত ম্যাচে ম্যাচসেরাও হয়েছেন এই ক্যারিবিয়ান। যদিও কলকাতার আগের ম্যাচে খুব একটা সফল ছিলেন না নারিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন