হোম খেলাধুলা ‘চিরশত্রু’ বার্সেলোনায় যাচ্ছেন রোনালদো!

খেলাধূলা ডেস্ক :

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়তে চান ওল্ড ট্রাফোর্ড। নতুন ক্লাবের খোঁজে তার প্রতিনিধি জর্জ মেন্ডেস। চেলসি, মিলান ছাপিয়ে এবার তিনি সিআরসেভেনের বিষয়ে কথা বলেছেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে। খবর মিরর ইউকের

মিরর স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের বরাত দিয়ে জানায়, বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে দল বদল নিয়ে চার ফুটবলারের বিষয়ে আলোচনা হয়েছে জর্জ মেন্ডেসের। কথা হয়েছে ম্যানচেস্টার সিটির প্লেমেকার বার্নার্দো সিলভা, উলভস মিডফিল্ডার রুবেন নেবেস ও এসি মিলানের স্ট্রাইকার রাফায়েল লিয়াওয়ের বিষয়ে। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

সূত্রটি আরো জানাচ্ছে, লাপোর্তা ও মেন্ডেসের পুরো আলোচনার বেশির ভাগ সময় কথা হয়েছে রোনালদোকে নিয়ে। যেখানে পর্তুগিজ স্ট্রাইকারকে দলের ভেড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বার্সা সভাপতি। মূলত বায়ার্ন মিউনিখের প্রতি প্রতিশোধ নিতেই নাকি লাপোর্তা রোনালদোকে দলে ভেড়াতে চাইছেন। জার্মান জায়ান্টরা রবার্ট লেভানদোভস্কিকে দল বদলের বাজারে তাদের কাছে বিক্রি করতে অস্বীকৃতি জানানোয় ক্ষোভে পুষছে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি।

বার্সার ধারণা, রোনালদোকে নিয়ে আলোচনা চালিয়ে গেলে বায়ার্ন লেভানদোভস্কির বিষয়ে নমনীয় হয়ে আসবেন। এ পোলিশ তারকাই তাদের মূল লক্ষ্য। রোনালদোর বিষয়ে স্প্যানিশ জায়ান্টরা আগ্রহ এবারই প্রথম নয়। এর আগে গত গ্রীষ্মেও তাকে নিয়ে আলোচনায় বসেছিল বার্সা। কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকায় এগোয়নি আলোচনা।

তবে বৈঠকে সিলভা, নেভেস ও লিয়াওর দলবদলের বিষয়েও সম্ভাবনা দেখা দিয়েছে। যেখানে বার্সার সবচেয়ে বেশি আগ্রহ ছিল ম্যানসিটি তারকা সিলভাকে নিয়ে। কিন্তু তার ৮৬ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লোজ বার্সার জন্য বড় সমস্যার নাম। তারা এখনো যে ঋণের ভার থেকে মুক্ত হতে পারেনি।

দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচ খেলে ২৪ গোল করেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রিমিয়ার লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেও দলের পারফরম্যান্সে বিফলে গেছে তার সব প্রচেষ্টা। লিগে ষষ্ঠ হয়ে শেষ করা রেড ডেভিলরা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই। ঘরোয়া কাপেও ব্যর্থ তারা। তাই ক্যারিয়ার সায়াহ্নে থাকা ৩৭ বছর বয়সী রোনালদো ম্যানচেস্টারের লাল জার্সিকে ভালোবাসলেও চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যেতে চান অন্য কোথাও।

তাই দলকে জানিয়ে দিয়েছেন নিজের নতুন দল খোঁজার বিষয়টি। নির্দেশনা পেয়ে তার প্রতিনিধি ইতোমধ্যে আলোচনা করেছেন চেলসি, ইন্টার মিলান, এসি মিলান ও বায়ার্নের সঙ্গে। এদের মধ্যে চেলসি ও বায়ার্নে তার যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে স্পোর্টস বাইবেল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন